রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. শাহীন (৪৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন, পুঠিয়ার চকপলাশী গ্রামের মো. শামীম (৩৫), আশুলিয়ার জিরানী গ্রামের মো. শফিকুল (৪৫), রংপুরের মিঠাপুকুরের ইমাদপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০), ধামরাইয়ের নানজেগুড়ি গ্রামের খরজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুরের বামালের চর গ্রামের সেলিম শেখ (৩০), একই উপজেলার মো. মামুন (৪২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের সোনিয়াপাড়া গ্রামের রুপচান (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে একটি ট্রাকে আটজন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ থানা থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
পুঠিয়া উপজেলার সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন জানিয়েছেন, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলেন। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে একজন মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

