রেশন-তলবের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে রেশন-তলবের দাবিতে নোয়াপাড়া চা শ্রমিকদের কর্মবিরতি— সংগৃহীত
সাপ্তাহিক রেশন-তলব পরিশোধ না করায় হবিগঞ্জে বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজ শুক্রবার সকাল থেকে মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের প্রায় ৯০০ শ্রমিক কাজে যোগ না দেওয়ায় উৎপাদন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন-তলব, বোনাস, এরিয়ার অর্থ, বাসস্থান, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার সংকট চলছে। এছাড়া মালিকপক্ষের কাছে তাদের বিভিন্ন বকেয়া পাওনাও রয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক রেশন-তলব পরিশোধের কথা থাকলেও রাত পর্যন্ত অপেক্ষা করেও কোনো অর্থ না পাওয়ায় শুক্রবার থেকে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা।
শ্রমিক নেতা খেলু নায়েক বলেছেন, ‘স্বল্প মজুরিতে কঠোর পরিশ্রম করে আমরা বাগানের উৎপাদন সচল রাখি। কিন্তু নিয়মিত রেশন-তলব না পেলে পরিবার নিয়ে চলা অসম্ভব হয়ে পড়ে। ন্যায্য পাওনা না পেলে শ্রমিকরা কাজে ফিরবে কীভাবে?’
নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কমরেড নায়েক বলেছেন, ‘একসময় নোয়াপাড়া চা বাগান একটি প্রথম শ্রেণির সুশৃঙ্খল বাগান ছিল। মালিকপক্ষের উদাসীনতা ও ব্যবস্থাপনা সংকটের কারণে বর্তমানে নানা সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনের বকেয়া পাওনার পাশাপাশি এখন রেশন-তলবও বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।’
এদিকে মালিকপক্ষের দাবি, টানা কয়েক বছর ধরে লোকসানের কারণে বাগানটি আর্থিক সংকটে রয়েছে। ফলে শ্রমিকদের রেশন-তলব, বকেয়া পরিশোধ এবং বাগানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়েছে।
বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বললেন, ‘গত চার বছর ধরে নোয়াপাড়া চা বাগান আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ব্যাংকিং জটিলতার কারণে বৃহস্পতিবার শ্রমিকদের তলব পরিশোধ করা সম্ভব হয়নি।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার বা সোমবারের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমরা আশা করছি, এরপর শ্রমিকরা দ্রুত কাজে ফিরে আসবেন।’





