মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিল, এখনো ফেরেনি অপ্রতিম

১৩ বছরের অপ্রতিম
সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম নিখোঁজ গতকাল শুক্রবার বিকাল থেকে। কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর থেকে সে আর বাসায় ফেরেনি। অপ্রতিম কথাসাহিত্যিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা নাহিদের ছেলে। বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন নাহিদা নাহিদ।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছেলেকে বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩ বছর, ক্লাস সেভেনে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে এই পাঞ্জাবিটি ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করুন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করুন।’
তিনি আরও জানান, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। ফোন নম্বর ট্র্যাক করেও কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফোনটি অপ্রতিমের সঙ্গে নেই। যে মোবাইল ফোনে তার ফেসবুক আইডি লগইন করা ছিল, সেটিও বাসায় রেখে গেছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
অপ্রতিমের সন্ধান পাওয়া গেলে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ।
শনিবার সকালে দেওয়া আরেকটি পোস্টে নাহিদা লিখেছেন, ‘পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, আমার কর্মস্থলের শিক্ষার্থী ও সহকর্মীরা সবাই একযোগে কাজ করছেন। সারারাত অভিযান চালানো হয়েছে, এখনো চলছে। ওর সব বন্ধুর বাসায় খোঁজ নেওয়া হচ্ছে। ‘মুন এলার্ট’-কেও জানানো হয়েছে। সবাই শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন। কোনো তথ্য পেলে দ্রুত জানাবেন।’



