কাউনিয়ায় প্রতিমাশিল্পীদের ব্যস্ততা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। ছবি: আগামীর সময়
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। উপজেলার ৭৫টি মণ্ডপে পূজার আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় রঙ করা হচ্ছে, কোথাও পরানো হচ্ছে অলংকার, আবার কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা।
প্রতিমাশিল্পীরা খড়, বাঁশ, সুতলি ও কাদা-মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার প্রতিচ্ছবি। একই সঙ্গে তৈরি করা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকরা।
আয়োজকরা জানান, উপকরণের মূল্যবৃদ্ধি, আর্থিক সংকট ও দক্ষ কারিগরের অভাবে উপজেলার অধিকাংশ মণ্ডপে পার্শ্ববর্তী রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে প্রতিমা সংগ্রহ করা হয়েছে। একটি প্রতিমা তৈরি করতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। তাই সামর্থ্য অনুযায়ী প্রতিমা সংগ্রহ ও মণ্ডপ সাজানোর কাজ করছেন আয়োজকরা।
প্রতিমাশিল্পীরা জানান, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙ করা, অলংকার পরানো ও নান্দনিক সাজসজ্জার কাজ। তবে উপকরণের দাম বৃদ্ধি এবং শ্রমের তুলনায় কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় অনেক কারিগর হতাশ। তারপরও বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা ধরে রাখতে নানা প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
পূজার সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ঢাকের বাদ্য, কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। শাস্ত্রমতে, এবার দেবী দুর্গার আগমন ও গমনের বাহন ঘোড়া ও নৌকা।
নিলাম খরিদা সদরা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী রজত চন্দ্র রায় জানিয়েছেন, তাদের মন্দিরে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, কাউনিয়ায় দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল বলেছেন, ‘পৌরসভাসহ উপজেলায় ৭৫টি মন্ডপে পূজা হবে। এর মধ্যে ২৮টি সাধারণ, ২১টি গুরুত্বপূর্ণ ও ২১টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ন ভাবে হয়, সে জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।




