পুকুর থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়
নরসিংদীর সদর উপজেলায় পুকুর থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মধ্য শীলমান্দীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত অটো চালকের নাম ফাহিম। তিনি উপজেলার মধ্য শিলমান্দী এলাকার রুহুল আমীনের ছেলে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রতিদিনের মত গতকাল সোমবার রাতে অটোরিকশা নিয়ে কাজে বের হন ফাহিম। সারারাত বাড়িতে ফিরেননি তিনি। পরে সকালে স্থানীয় জহিরুলের পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহের পাশে অটোরিকশাটি পাওয়া গেলেও ব্যাটারি পাওয়া যায়নি।
ফাহিমের বাবা রুহুল আমিন বলেছেন, ‘আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি তার বিচার চাই।’
ওসি আল মামুন বলেছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের] পাঠানো হয়েছে।






