সনাতনীরা এদেশের অবিচ্ছেদ্য অংশ: হুইপ অপু

ছবি: আগামীর সময়
বিএনপি সরকার সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিএনপিকে ঘিরে যে অপপ্রচার ও মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছিল। সরকার তা মিথ্যা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আজ শনিবার শরীয়তপুরের ডামুড্যার ধানকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী সব সময় প্রপাগাণ্ডা ছড়াত যে, বিএনপি ক্ষমতায় এলে সনাতনীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাভাবিকভাবে পালন করতে পারবে না। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাদের সেই অপপ্রচার পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, দুষ্ট লোকেরা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে যে ধরনের ভীতি ও ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছিল, তা আজ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে মিঞা নুরুদ্দিন অপু বলেন, সনাতনীরা এদেশের অবিচ্ছেদ্য অংশ। অন্য ধর্মের নাগরিকরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, বর্তমান সরকার সনাতনীদের জন্যও সেই সমঅধিকার নিশ্চিত করেছে।
পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির একটি সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন এ বছরের পূজা উদযাপনের সার্বিক আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



