মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে আলেমদের এগিয়ে আসার আহ্বান নৌ প্রতিমন্ত্রীর

জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজিত আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মেহেন্দিগঞ্জের আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি বলেছেন, ‘মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে যুব সমাজকে মাদক সেবনের শাস্তি সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবহিত করতে হবে।’
শনিবার (৩ অক্টোবর) বিকালে বরিশালের মেহেন্দিগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘মাদকের ক্ষতি ব্যক্তি ছাড়িয়ে পরিবার ও সমাজে প্রভাব ফেলে। এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও সামাজিক অগ্রগতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি বললেন, ‘খুতবা ও ধর্মীয় আলোচনায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের এ থেকে দূরে রাখতে ইমাম ও মুয়াজ্জিনরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবিলা, নৈতিক মূল্যবোধ জোরদার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।’
আয়োজকরা জানান, মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৮০০ জন ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাকে সভায় আমন্ত্রণ জানানো হয়। প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোই ছিল সভাটির অন্যতম উদ্দেশ্য।
সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতারা, জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা, ইমাম-মুয়াজ্জিন সমিতির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন এলাকার ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।



