অভয়নগর
৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, ছেলের অপেক্ষায় কাঁদছেন মা

নিখোঁজ নাফিজ হাসান জিমকে (১৩)
‘আমার একমাত্র ছেলে কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে— কিছুই জানি না। বেঁচে আছে, নাকি মারা গেছে, তাও জানি না। আট দিন হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরছে না। আমি আর সহ্য করতে পারছি না। আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মেহেজাবিন সুলতানা। চোখের পানি আর বুকভরা হাহাকারে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি। একমাত্র সন্তান নাফিজ হাসান জিমকে (১৩) হারিয়ে দিশেহারা এই মা। প্রতিটি মুহূর্ত কাটছে অজানা শঙ্কা আর অপেক্ষায়। কখন দরজায় কড়া নেড়ে ছেলে ফিরে আসবে, সেই আশায় পথ চেয়ে আছেন তিনি।
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের দিনমজুর এস এম আবুল কাশেম ও মেহেজাবিন সুলতানা দম্পতির একমাত্র সন্তান জিম। গত ৯ অক্টোবর বিকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আট দিন ধরে স্বজনদের খোঁজাখুঁজি, উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেও ছেলের সন্ধান না মেলায় পরিবারটির দুশ্চিন্তা বাড়ছে।
পরিবার সূত্রে জানা গেছে, নাফিজ হাসান জিম উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এবতেদায়ি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এরই মধ্যে সে পবিত্র কোরআনের দুই পারা হিফজ সম্পন্ন করেছে। যে বয়সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে ছেলের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় দিশেহারা তার মা-বাবা ও পরিবারের সদস্যরা।
জিমের বাবা এস এম আবুল কাশেম জানান, ৯ অক্টোবর শুক্রবার বিকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় জিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়াসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও ছেলের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত গত সোমবার (১২ অক্টোবর) অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা।
দিনমজুর বাবার সীমিত সামর্থ্যের পরিবারে একমাত্র সন্তানকে ঘিরেই ছিল নানা স্বপ্ন। সেই সন্তান কোথায় আছে, কেমন আছে— এমন প্রশ্নের উত্তর না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা। বিশেষ করে মা মেহেজাবিন সুলতানার প্রতিটি মুহূর্ত কাটছে ছেলের ফিরে আসার প্রতীক্ষায়।
নিখোঁজ নাফিজ হাসান জিমের বয়স ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট, ওজন ৩৫ কেজি। গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কালো ও ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কফি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি জিমের সন্ধান পেলে ০১৯১৪-৭৭৯৬০০ অথবা ০১৯১৩-৭১৮১৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ থানায়ও শিশুটিকে হস্তান্তর করা যেতে পারে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্র নাফিজ হাসান জিমকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি তৎপরতা ও চেষ্টা অব্যাহত রয়েছে।




