পীরগঞ্জ
পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় সচিব গ্রেপ্তার, তদন্ত কমিটি

উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের ছাদ ধসে পড়ে। ছবি: আগামীর সময়
রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় পৌরসভার সচিব আবদুর রহিমক গ্রেপ্তার করেছেন পুলিশ।
অন্য আসামিরা আত্মগোপণে চলে গেছেন বলে জানিয়েছেন পুলিশ।
নিহত শ্রমিকরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঠান্ডা মিয়ার ছেলে মো. আছাদুল (২৫) এবং রংপুরের মো. শিহাব (২২)।
গতকাল বুধবার নিহত শ্রমিক মো. আছাদুলের বাবা পীরগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে পৌরসভার প্রকৌশলী, মূল ঠিকাদার, সাব-ঠিকাদার ও ভবন তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিসহ মোট ৯ জনকে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকালে উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের ছাদের শাটারিং ভেঙে পড়ে। এ সময় সেখানে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে কয়েকজন চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আহত হন চার শ্রমিক।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির কাজ করছিল। শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ ছিল। শাটারিংয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠ পুরনো ও নিম্নমানের হওয়ায় এবং অতিরিক্ত বোঝা ধারণ করতে না পেরে হঠাৎ তা ধসে পড়ে। কাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান বা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা তদারককারী প্রকৌশলী সেখানে উপস্থিত ছিলেন না।
দুর্ঘটনার পর জেলা প্রশাসক ইসরাত জাহানের সই করা এক আদেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুরের নির্বাহী প্রকৌশলী।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকীউল বারী তদন্ত কমিটি গটনের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




