সমুদ্রপথে অভিযান, গাঁজাসহ আটক ৩

গাঁজাসহ তিন মাদক কারবারি
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মাদক পাচারের সময় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রলার বোটও জব্দ করা হয়েছে।
আজ সোমবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার বিকাল ৩টার দিকে টেকনাফ জিরো পয়েন্টসংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড শাহপরী আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বোটে থাকা ব্যক্তিরা একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তাতে গাঁজা রয়েছে বলে নিশ্চিত হন। একই সঙ্গে ধাওয়া করে আটক করা হয় বোটটি। পরে বোটে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় আরও একটি গাঁজাভর্তি বস্তা।
আটক ব্যক্তিরা হলেন— মো. রফিক (২১), মো. শাহ আলম (২১) ও সৈয়দ করিম (২১)। তাদের মধ্যে রফিক বর্তমানে টেকনাফের ছোট হাবিবপাড়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা মিয়ানমারের মংডু এলাকায়। শাহ আলমের স্থায়ী ঠিকানা মিয়ানমারের আইক্কাফ এলাকায়। বর্তমানে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় বসবাস করেন তিনি।
অন্যদিকে সৈয়দ করিমের স্থায়ী ঠিকানা মিয়ানমারের সাইপি এলাকার পালিপালং গ্রামে। বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭ এ অবস্থান করছেন তিনি।
জব্দ করা মাদক ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।




