পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ নিহত ৩

সংগৃহীত ছবি
মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ভৈরব বাজার এলাকায়।
নিহতরা হলেন, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলিনুর এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা ও সিএনজি যাত্রী রুবেল মিয়া এবং রেহান মিয়া।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা আছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। লাশগুলো মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

