রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে যুবক নিহত, আহত ১১

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল ওরফে প্রশান্ত (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত আরও ১১ জন যাত্রী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রায়পুরার আমিরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অপর একটি সিএনজি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। যান দুটি আমিরগঞ্জ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে যায় এবং উভয় যানের চালকসহ ১২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল ওরফে প্রশান্ত মারা যান।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গোলশানারা কবির জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।




