নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ মিলল খালে

নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর হায়াতুন্নেছা নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকালে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। শনিবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবার জানানো হয়েছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর হায়াতুন্নেছার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেও পরে ফিরে আসতেন।
এ কারণে এবারও স্বজনেরা প্রথমে তাকে খুঁজতে উদ্যোগী হননি। তবে এবার তিনি আর বাড়ি ফেরেননি।
শনিবার দুপুরে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্বজনেরা এসে মরদেহ শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



