জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড

নারীকে সংঘবদ্ধ ধর্ষণে মৃত্যুদণ্ডের রায় পাওয়া আসামিরা আদালতে। ছবি: আগামীর সময়
জামালপুর সদরে নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর অপহরণের দায়ে প্রত্যেককে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা।
আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর ভাটিপাড়া গ্রামের মো. ছাত্তার আলী, কয়ড়ার পাড়া এলাকার আব্দুল মালেক এবং একই এলাকার মো. আনোয়ার হোসেন।
এজাহার থেকে জানা গেছে, সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় বাড়ি ওই নারীর। তার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান। এরপর থেকে এক সন্তানকে নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন তিনি। প্রায়ই তাকে উত্যক্ত করতেন প্রতিবেশী ছাত্তার আলী।
২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে ছাত্তার ও তার সহযোগীরা ওই নারীকে বাড়ি থেকে তুলে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান ওই নারী। তাদের পরামর্শে ২২ অক্টোবর তিনি জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
‘১০ জন সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের দৃষ্টান্তমূলক সাজা দিয়েছেন। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে’- বললেন তিনি।








