ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের তিন আরোহীর

ছবি: আগামীর সময়
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায়।
নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের মুক্তার হোসেন হিরা ও লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী এবং সদর উপজেলার আলাইপাড়া গ্রামের তৈয়ব আলীর সাইফুল ইসলাম।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানালেন, আজ ভোর ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক বন্দর আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই জীবন ও হিরা নিহত হন। গুরুতর আহত সাইফুলকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তারও মৃত্যু হয়।
ওসি মাহবুবুর রহমান আরও জানালেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






