টাঙ্গাইলে তিন দুর্ঘটনায় নিহত ১৭

দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা - আগামীর সময়
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে ১৫ জন ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন এবং আরেকটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
জানা গেছে, সোমবার (২৫ মে) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে উত্তরবঙ্গগামী লেনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক উল্টে যায়। ট্রাকে অনেক যাত্রী ছিলেন। এ সময় ট্রাক ও রডের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বিষয়টি নিশ্চিত করে জানালেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে যমুনা সেতু এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার শিকার হয় একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। আহত হয়েছেন নিহতের স্ত্রী। এছাড়া জেলায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, পৃথক তিনটি ঘটনায় মোট ১৭ জন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ শনাক্তের কাজ চলছে।






