দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৪
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা মহাসড়কের জলসুখা ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তানভীর বানিয়াচং উপজেলার আমিরখানির ফুল মিয়ার ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, জলসুখা ব্রীজ এলাকায় তানভীরের মোটরসাইকেলের সঙ্গে উল্টা দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন চারজন। তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো.আকবর হোসেনের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





