চাঁদা না পেয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদা দাবি করে তা না পেয়ে এক বিএনপি নেতার মৎস্যঘেরের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মেহেদী হাসান ফয়সাল কোনেরবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে। অভিযোগকারী ইউছুপ আলী দাড়িয়া বাহিরশিমুল-কেরানবাড়ী-বহলতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি এবং কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি।
ইউছুপ আলী দাড়িয়ার ভাষ্য, বাহিরশিমুল এলাকায় প্রায় ৪০০ বিঘা জমিতে গত চার বছর ধরে তারা মাছের ঘের পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে মেহেদী হাসান ফয়সাল তার ঘেরের নৈশপ্রহরীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার লোকজন নিয়ে ঘেরপাড়ের অফিসঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নৈশপ্রহরী অমিত বাগচী বলেছেন, শনিবার বিকেলে ফয়সাল কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ অফিসঘরে প্রবেশ করেন। পরে ঘর ভাঙচুর করে তাকে বের করে দেওয়া হয় এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেদী হাসান ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ইউছুপ আলী দাড়িয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






