শ্রীমঙ্গলে মাইক্রো চাপায় অটোচালকসহ নিহত ২

ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ র্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেটে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিরাজনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। তারা অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে অটোরিকশা চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেটে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

