আগামীর সময়

আরাকান আর্মির কাছে ‘জিম্মি’ ৭৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আরাকান আর্মির কাছে ‘জিম্মি’ ৭৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

সংগৃহীত ছবি

বিভিন্ন সময় টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বিজিবি। তারা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির কাছে জিম্মি ছিলেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

ফেরত আসা জেলেদের মধ্যে সাতজন রোহিঙ্গাও আছেন। অন্যরা বাংলাদেশি।

আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর তাদের ফেরত আনা সম্ভব হয় জানিয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, আরাকান আর্মি দাবি করেছে এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। এই জেলেদের ফেরত আনতে সোমবার দুপুরে বিজিবির একটি প্রতিনিধি দল একই ঘাট থেকে নাফ নদীর শূণ্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে বিজিবির কাছে জেলেদের হস্তান্তর করে আরাকান আর্মি।

এরপর জেলেদের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে।

এ বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

    শেয়ার করুন: