কুলাউড়ার প্রথম এমপি মুন্তাকিম চৌধুরী মারা গেছেন

আব্দুল মুন্তাকিম চৌধুরী। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হলো। কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী (৯৭) অস্ট্রেলিয়ায় মারা গেছেন।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন মুন্তাকিম। বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আইনজীবী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মুন্তাকিম।
মুন্তাকিম চৌধুরীর জন্ম উপজেলার হাজীপুরে। বাবার নাম তজম্মল আলী চৌধুরী। জন্মসূত্রে কুলাউড়ার সন্তান হলেও কর্মে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ব্যক্তিত্ব।
তার রাজনৈতিক জীবন ছিল ইতিহাসের সাক্ষী। তিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ তৎকালীন সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর তিনি গণপরিষদের সদস্য এবং বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। সংবিধানে ৭০ অনুচ্ছেদ নিয়ে তার যুক্তি আজও স্মরণীয়।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন সিলেট-১৩ (বর্তমান কুলাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুলাউড়ার ইতিহাসে প্রথম এমপি হিসেবে নাম লেখান।
স্বাধীনতার পর তিনি জাপান ও জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যারিস্টার হিসেবে আইন অঙ্গনেও তার ছিল উজ্জ্বল পদচারণা।
ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরীর মৃত্যুতে কুলাউড়াবাসী হারালো তাদের ইতিহাসের বটবৃক্ষকে, জাতি হারালো একজন সংবিধান প্রণেতা ও সত্যিকারের দেশপ্রেমিককে।




