নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপির পদত্যাগ

পদত্যাগ করা ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপি— সংগৃহীত
নারায়ণগঞ্জ আদালতে জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ও পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। একটি অনুলিপি তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকেও দেন।
পদত্যাগ করা আইনজীবীরা হলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।
পদত্যাগের কারণ হিসেবে বিএনপি সরকারের ‘জুলাই সনদের বিরুদ্ধে সিদ্ধান্ত’ এবং কিছু পদক্ষেপ ও অবস্থানের সঙ্গে মৌলিক মতপার্থক্যের কথা পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন।
পদত্যাগ করা এপিপি আক্তার হোসেন জানান, ‘বিএনপি সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচারবিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করাসহ কয়েকটি কারণে এ পদে আমরা থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। পদত্যাগ করা সকলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক ও জামায়াত সমর্থিত সংগঠন বাংলাদেশ লʼইয়ার্স কাউন্সিলের নেতা।’







