রাবির শিক্ষার্থীদের রেল অবরোধে ক্ষতি ৩৫ লাখ, দুঃখ প্রকাশ রেলওয়ের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ— সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অন্তত ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী চারুকলা সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং রাজশাহীমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ওইদিন সকাল ৭টা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত অবরোধ চলায় সারা দেশের রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়। এতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে অসুস্থ রোগী, বিদেশগামী যাত্রী, নারী ও শিশুদের ভোগান্তি বেশি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একটি ঐতিহ্যবাহী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ রেলওয়ে নিরবচ্ছিন্ন সেবা দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বললেন, ‘হঠাৎ শিক্ষার্থীদের অবরোধের কারণে যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়ে। বিশেষ করে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে বেশ কয়েকজন যাত্রী ছিলেন, যারা ঢাকায় গিয়ে বিকালের ফ্লাইটে দুবাইসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু এই অবরোধের কারণে তারা ফ্লাইট মিস করে ফেলে। এমন হাজার হাজার যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছিল।’





