নিখোঁজের ৩ মাস পর কচুরিপানায় মিলল মরদেহ

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাস ধরে নিখোঁজ যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পাওয়া গেছে উপজেলার ভাকুড়ি গ্রামের একটি কচুরিপানা ভর্তি পুকুরে।
মৃত যুবক হলেন ৩১ বছরের মো. তৌহিদুল ইসলাম মোল্যা। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে তার বাড়ি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে খোঁজ মিলছিল না তৌহিদুলের। পরিবার থেকে মুকসুদপুর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
স্থানীয় লোকজন সোমবার দুপুরে পাশের ভাকুড়ি গ্রামের পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মরদেহ দেখে। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
খবর পেয়ে সেখানে যায় তৌহিদুলের পরিবার। পোশাক ও অন্যান্য চিহ্ন দেখে সেটি তাদের ছেলের বলে শনাক্ত করেন স্বজনরা। ময়নাতদন্তের জন্য দেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দীর্ঘ সময় পানির নিচে থাকায় মরদেহটি প্রায় গলে গেছে বলে জানালেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। হত্যা না মৃত্যু- ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত করবে থানা পুলিশ।

