লক্ষ্মীপুর-৪ আসনের জামায়াত প্রার্থী
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, না দিলে গুনাহ হবে

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহ বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত। না দিলে গুনাহ হবে। সম্প্রতি নিজ এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হাফিজ উল্যাহ বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান? তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না। আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, সোয়াবের ভাগিদার হবেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন গুনাহগার হবেন। ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে। রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে। এটা হইলো তাদের কাজ।
এদিকে তার এই মন্তব্য ভাইরাল হওয়ার পর সোশ্যালে ইমরান হোসেন শাকিল নামের একজন লেখেন, ‘নাউজুবিল্লাহ্’। শাহ আলম সম্রাট নামে অপর এক ব্যক্তি লেখেন, ‘দাঁড়িপাল্লার এমপি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দিবে, নাউজুবিল্লাহ।’
এবার লক্ষ্মীপুর-৪ আসনে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোট করছেন চারজন। বাকিরা হলেন বিএনপি মনোনীত এবিএম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ (হাতপাখা) ও বাসদের মিলন মণ্ডল (মই)।

