ধর্ষণের প্রতিবাদ ঘিরে যুবদল-এনসিপি নেতাকর্মীর সংঘর্ষ

সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় একটি লঞ্চে ছাত্রী ধর্ষণের পর উদ্ভূত পরিস্থিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবদলের উপজেলা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ছয়জন। গত ৮ ফেব্রুয়ারি হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চে ধর্ষণের ঘটনাটি ঘটে।
সদর ইউনিয়নের ওছখালীতে মঙ্গলবার রাতে ঘটে এই সংঘর্ষ। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি কবির হোসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত ৮ ফেব্রুয়ারি হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে রাজধানীর এক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণীর ভাই।
ধর্ষণে জড়িতদের বিচার চেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে এনসিপি ও যুবশক্তি মিছিল বের করে। মিছিলটি হাতিয়ার ওছখালী জিরো পয়েন্টের দিকে গেলে একই সময় বিপরীত দিক থেকে আসে যুবদলের একটি মিছিল।
এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়।
ওসি কবির হোসেন জানালেন, ‘দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি।’

