কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫

নিহত নাফিসুর রহমান নিবিড়
কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জোয়ারের পানিতে তার মরদেহ ভেসে আসে। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হলো।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হিমছড়ি ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান-সংলগ্ন সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করেন। নিবিড় রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা।
নিবিড়ের মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি এ কে ফজলুল হক।
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিবিড়ের ছোট খালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিবিড় ছিল সবচেয়ে ভদ্র, ভালো ও লক্ষ্মী ছেলে। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। লেখাপড়ার প্রতিও তার ভীষণ মনোযোগ ছিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল সে। বাবা-মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিল। তাকে নিয়ে আমাদের গর্ব ছিল। তার এমন মৃত্যু কোনো দিনই মেনে নেওয়ার মতো নয়।’
এর আগে বুধবার বিকালে ঢাকা থেকে আসা পর্যটকদের দুটি দল হিমছড়ির পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামে। একটি দলে সাতজন এবং অন্য দলে পাঁচজন ছিলেন। এ সময় সাগরের প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের টানে কয়েকজন ভেসে যেতে থাকেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।



