মৌলভীবাজার সীমান্তে দুটি একনলা বন্দুক উদ্ধার

উদ্ধার করা বন্দুক
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীন কুরমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযানের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র দুটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীমান্তের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মেজর জানান।



