নাহিদ
বিরোধী দল সমর্থন না দিলে সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব নয়

চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম—ছবি : আগামীর সময়
বিরোধী দল সমর্থন না দিলে সরকার দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিন। বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন।’
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে লংমার্চের সমাপনী সমাবেশে এ কথা বলেন তিনি।
এদিন রাজধানীতে বিএনপির সমাবেশে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেছেন, ‘১১-দলীয় ঐক্য স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করছে না। স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে সরকার।’
তিনি বললেন, ‘‘আমরা ছয় দাবি নিয়ে লংমার্চ করেছি। প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে, ‘আমরা স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে রাজনীতি করছি।’ আমি বলতে চাই, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে আগে জনগণের কাছে স্বীকার করুন আপনার কাছে কোনো সঠিক পরিকল্পনা নেই দেশকে নেতৃত্ব দেওয়ার।’’
এর আগে আজ বিকালে রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ‘দেশে অরাজকতা সৃষ্টি করে পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে এবং এ কাজে বিরোধী দলও লিপ্ত থাকতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বললেন, ‘আমরা পতিত স্বৈরাচারকে ফিরে আসার কোনো পথ করে দিচ্ছি না। এই পথ আপনারাই করে দিচ্ছেন। কারণ জনগণকে আপনারা সমস্যার সমাধান দিতে পারছেন না। তাদের হক আদায় করতে পারছেন না। ফলে জনগণ বিকল্প খুঁজছে। আমরা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। পতিত স্বৈরাচার কোনোভাবেই দেশে ফেরত আসতে পারবে না। একইভাবে নতুন করে কারও স্বৈরাচার হওয়ার রাস্তাও আমরা এই বাংলাদেশে হতে দেব না ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ বললেন, ‘এই সমস্যা-সংকট আপনিই তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। যদি প্রথমেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম।’
তিনি আরও বলেছেন, ‘বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে কোনো বরাদ্দ দিচ্ছেন না। বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে আপনি বিএনপির সংরক্ষিত মহিলা এমপিদের দায়িত্ব দিয়েছেন। জনগণের সাথে প্রতারণা করছেন। জনগণের নির্বাচিত এমপিদের কাজ করতে দিচ্ছেন না।’
জাতীয় সংসদকে একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলে দাবি করে তিনি বললেন, ‘সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে। সালাহউদ্দিন সাহেব একাই যদি সংসদ চালান, তাহলে আমরা বাকি সংসদ সদস্য যারা আছি, বিশেষ করে বিরোধী দলের তো সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০২৪ সালে ৯ দফা এক দফায় রূপান্তর হয়েছিল। এবার ছয় দফা আবার এক দফায় রূপান্তর হবে। তখন কে বাংলাদেশে থাকবে আর কে থাকবে না— সেই সিদ্ধান্ত নেবে শহীদ ওসমান হাদীর উত্তরসূরিরা।’
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের ঘরে আবার হারিকেন ফিরে এসেছে। মোমবাতি ফিরে এসেছে। লাকড়ির চুলা ফিরে এসেছে। সরকার গ্যাস-বিদ্যুৎ দিতে পারছে না। দিচ্ছে কার্ড। আমার বাসায় বিদ্যুৎ নেই। আমি কার্ড দিয়ে কী করব?’







