প্রতিবেশি বৌ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, প্রতিবেশি এক পরিবারে বৌ আর শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে মোহাম্মদ রাশেদ নামে ওই যুবক আক্রমণের শিকার হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে রাশেদের মৃত্যু হয়েছে।
৩২ বছর বয়সী রাশেদ বাঁশখালী পৌরসভার পূর্ব জলদি এলাকার নুরুল আলমের ছেলে।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানালেন, গতকাল মঙ্গলবার বিকেলে গৃহবধূ জমিলা আক্তার ও তার শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। রাশেদ থামাতে গেলে জমিলা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জমিলা আক্তারকে গ্রেপ্তার করে। জামিলা পূর্ব জলদি এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানালেন।




