মধ্যস্থতায় তুরস্ক, ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সামনে

প্রতীকী ছবি
মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগামী শুক্রবার ইস্তাম্বুলে বৈঠকে বসতে পারেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈঠকের প্রস্তুতি চলছে। তবে আরেকটি সূত্র সতর্ক করে জানায়, পরিকল্পনাটি এখনও চূড়ান্ত নয় এবং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাব্য বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের দিকে একটি বিশাল “নৌবহর” পাঠানো হচ্ছে বলে দাবি করেন এবং তেহরানকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানান। পরে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে “গুরুত্বপূর্ণ আলোচনা” চালাচ্ছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে উত্তেজনা বাড়তে থাকায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন।
এদিকে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, তবে তার জবাব হবে “দ্রুত ও সর্বাত্মক।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ স্থাপনে তুরস্ক, মিসর ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইস্তাম্বুল সফর করেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন।
যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় পুনরায় অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন। এতে উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
সূত্র : মিডল ইষ্ট মনিটর

