যুক্তরাষ্ট্রের অবস্থানসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া!

সংগৃহীত ছবি
রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে বলে সিবিএস নিউজকে কয়েকটি সূত্র জানিয়েছে।
সিবিএস নিউজ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিনটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য দিয়েছে, যার মধ্যে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাও রয়েছেন, যিনি সরাসরি বিষয়টি সম্পর্কে জানেন বলে দাবি করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টে তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানসংক্রান্ত গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
এর আগে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন যে রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ‘সংলাপে’ রয়েছে।
রয়টার্স জানিয়েছে, মস্কো তেহরানকে সহায়তা করছে কি না— এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্রেমলিন বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।

