আগামীর সময়

কোস্টারিকায় প্রেসিডেন্ট নির্বাচন: জয়ের পথে লরা ফার্নান্দেজ

কোস্টারিকায় প্রেসিডেন্ট নির্বাচন: জয়ের পথে লরা ফার্নান্দেজ

সংগৃহীত ছবি

কোস্টারিকায় প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পথে এগিয়ে রয়েছেন ডানপন্থী প্রার্থী লরা ফার্নান্দেজ। কোকেন চোরাচালানের সঙ্গে জড়িত সহিংসতা বেড়ে যাওয়ায় কঠোর দমননীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রচার চালিয়েছিলেন।


সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল রোববার গভীর রাতে জানায়, ভোটকেন্দ্রের ৮১ শতাংশ ভোট গণনা শেষে সোভেরিন পিপলস পার্টির প্রার্থী ফার্নান্দেজ ৪৮.৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল লিবারেশন পার্টির অর্থনীতিবিদ আলভারো রামোস, যিনি পেয়েছেন ৩৩ শতাংশ ভোট।

রোববার রাতে রামোস পরাজয় স্বীকার করে নেন এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তবে পরাজয় স্বীকার করে নিলেও ক্ষমতাসীনদের কোনো ভুলের জন্য ছাড় দেওয়া হবে না বলে হুঙ্কার দেন তিনি।

রামোস বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা যায়, সমালোচনা করা যায়।

ফার্নান্দেজকে সরাসরি জয় পেতে অন্তত ৪০ শতাংশ ভোট দরকার ছিল, যাতে ৫ এপ্রিল রান-অফ নির্বাচন এড়ানো যায়।

৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো চাভেসের মনোনীত উত্তরসূরি এবং তিনি চাভেসের কঠোর নিরাপত্তা নীতিগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান।

ফার্নান্দেজ আগে চাভেসের জাতীয় পরিকল্পনা ও অর্থনৈতিক নীতি মন্ত্রী ছিলেন।

রোববার কোস্টা রিকানরা ৫৭ আসনের জাতীয় পরিষদের নির্বাচনেও ভোট দেন। চাভেসের দল সেখানে আসন সংখ্যা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তারা যে সুপারমেজরিটি চেয়েছে—যার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের মতো ক্ষমতা পাওয়া যায়—তা নাও পেতে পারে।

রোববারের নির্বাচনে প্রায় ৩৭ লাখ কোস্টা রিকান ভোটার ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

    শেয়ার করুন: