‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সময় এসেছে’, কেন বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিবর্তে নতুন নেতৃত্ব আসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা করেন জেলেনস্কি। এর জবাবেই শনিবার ট্রাম্প এ মন্তব্য করেন।
হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়ে ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’ বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্প বলেছেন, জেলেনস্কির এখন ‘থামা উচিত’। এরপর তিনি আরও বলেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা প্রয়োজন, ‘যিনি একটি চুক্তি করতে পারবেন’।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর দেশটিতে সামরিক আইন জারি রয়েছে। এ কারণে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে মস্কোর সঙ্গে চুক্তি হয়েছে। এর আওতায় প্রথমে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তিন লাখ টন ডিজেল ছাড়বে রাশিয়া। নভেম্বরে আরও পাঁচ লাখ টন সরবরাহের কথা রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, পরে আরও ১০ লাখ টন এবং অল্প সময়ের মধ্যে অতিরিক্ত ৩০ লাখ টন ডিজেল বাজারে আসতে পারে। তবে শেষ দফার সরবরাহ রাশিয়ার তেল শোধনাগারগুলোর অবস্থার ওপর নির্ভর করবে।
জেলেনস্কি এ চুক্তির সমালোচনা করেছেন। তার দাবি, নিষেধাজ্ঞা শিথিল হলে রাশিয়া নতুন অর্থ পাবে। সেই অর্থ দিয়ে সামরিক সরঞ্জাম কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে মস্কো। রাশিয়া এ চুক্তিকে হামলা চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবেও দেখছে বলে অভিযোগ করেছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের বক্তব্যকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শান্তি প্রতিষ্ঠায় মনোযোগ দেবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এতে যুদ্ধ চালানোর জন্য মস্কোর আয় বাড়বে। রাশিয়ার ওপর চাপ কমানোর সময় এখন নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার মধ্যে রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম এখন ৬ ডলার ২৮ সেন্ট। এক বছর আগে তা ছিল ৩ ডলার ৬৮ সেন্ট।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সূত্র : বিসিবি




