ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ছড়িয়েছে দাবানল

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি পাহাড়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরের পর বিমানটি বিধ্বস্তের পর সেখানের জঙ্গলে সৃষ্টি হয় দাবানলের। মার্কিন গণমাধ্যম সিএসবি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, কাউন্টির রিমরক লেকের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট আগেই বেরিয়ে আসতে পেরেছিলেন। সামান্য আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে আগুন লেগে যায়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরা। ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় ক্যাম্পারদের।
মার্কিন মেরিন কোর সিবিএস এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি একটি এফ/এ-১৮ হর্নেট মডেলের। ওয়াশিংটনের সিয়াটল থেকে প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনার সময় জেট বিমানটি দুর্ঘটনার শিকার হয়।


