যুক্তরাষ্ট্রে ধর্মীয় কারণে মুসলিম কর্মীকে হত্যাচেষ্টা

ছুরিকাঘাতে আহত মুসলিম যুবক সোহেল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক মুসলিম কর্মীকে ১৫ বারেরও বেশি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি স্বীকার করেছেন যে সে ওই কর্মীকে কেবল তার ধর্মের কারণে হত্যা করতে চেয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম সল্ট লেক ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভ্যালি ফেয়ার মলে ৪৮ বছর বয়সী হামলাকারী পিটার লারসেন ভুক্তভোগী কর্মী সোহেলকে তার নাম এবং ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন। পরে সোহেল পানির বোতল আনতে গেলে লারসেন তাকে আক্রমণ করেন।
পুলিশ আসার আগেই উপস্থিত সাহসী পথচারীরা হামলাকারীকে ঝাপটে ধরেন এবং তার হাত থেকে ছুরিটি কেড়ে নেন। ধস্তাধস্তির সময় পথচারীদের মারধরে লারসেনও আহত হয়েছেন।
বর্তমানে লারসেনকে সল্ট লেক কাউন্টি জেলে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত সোহেলের হাত, হৃদপিণ্ড এবং ফুসফুসে একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানা গেছে।
ওয়েস্ট জর্ডানের ইউটাহ ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দ্বীন ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর নিহাদ আওয়াদ বলেছেন, এই ভয়াবহ হামলা আবারও মনে করিয়ে দিচ্ছে যে মুসলিম-বিদ্বেষী বক্তব্যের বাস্তব পরিণতি রয়েছে।
তিনি আরও যোগ করেছেন, যখন মুসলিমদের প্রতিনিয়ত দানব হিসেবে চিত্রিত করা হয় বা হুমকি হিসেবে দেখানো হয়, তখন কিছু বিকৃত মস্তিকের মানুষ সেই ঘৃণার বশবর্তী হয়ে এমন কাজ করে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে তারা ৮ হাজার ৬৮৩টি মুসলিম-বিদ্বেষী অভিযোগ পেয়েছে, যা ১৯৯৬ সালের পর সর্বোচ্চ। ইউটাহ মুসলিম সিভিক লীগও এই ঘটনাকে ‘হেট ক্রাইম’ হিসেবে অভিহিত করে পথচারীদের ভূমিকার প্রশংসা করেছে।
সূত্র : আনাদুলো এজেন্সি




