সমুদ্রে ডুবছে পরিবার, বাঁচাতে ৪ কিমি সাঁতরে গেল 'অতিমানব' কিশোর

সংগৃহীত ছবি
সমুদ্রে ভেসে যাওয়া মা ও দুই ভাই-বোনকে উদ্ধারে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কেটে অতিমানব হিসেবে প্রশংসিত হচ্ছে ১৩ বছরের এক কিশোর। অস্ট্রেলিয়ার উপকূলে গেল শুক্রবার সন্ধ্যায় ঘটেছে এ ঘটনা।
সেদিন পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণে জিওগ্রাফ উপসাগরে মা, ১২ বছরের ভাই ও ৮ বছরের বোনের সঙ্গে প্যাডেলবোর্ডিং ও কায়াকিংয়ে যায় ওই কিশোর। ঝড়ো বাতাসে হঠাৎ নৌকা উল্টে ভেসে যায় তার পরিবার।
উদ্ধারে বিপদসংকেত বাজানোর জন্য ছেলেটি তার কায়াক নিয়ে তীরের দিকে রওনা দেয়। প্রবল বাতাসে উল্টে ডুবে যায় সেটিও। তীরের দিকে বাকি ৪ কিলোমিটার পথ সাঁতরেই পাড়ি দেয় ওই কিশোর।
পশ্চিম অস্ট্রেলিয়ান পুলিশ সোমবার বিবৃতি দিয়ে জানায়, শুক্রবার সন্ধ্যায় ছেলেটি তীরে পৌঁছে বিপদসংকেত বাজায়। এর পরপরই ভেসে যাওয়া নারী ও দুই শিশুকে উদ্ধারে বাসেলটোনের কাছে কুইনড্যালাপ সৈকত থেকে শুরু হয় ব্যাপক অভিযান।
পুলিশ পরিদর্শক জেমস ব্র্যাডলি বলেন, 'তিনজনই লাইফ জ্যাকেট পরে ছিলেন বলে তাদের বাঁচানো গেছে। ১৩ বছরের ছেলেটিকে যতই প্রশংসা করা হোক- তা যথেষ্ট নয়। তার দৃঢ় সংকল্প ও সাহসিকতায় বেঁচে ফেরে মা ও ভাইবোন।'
ন্যাচারালিস্ট ভলেন্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপ এই উদ্ধারকাজ চালায়। সংগঠনটির কমান্ডার পল ব্রেসসল্যান্ড কিশোরটিকে 'অতিমানব' বলে আখ্যা দেন।
তিনি বলেন, 'ছেলেটির মনে পড়ে যে প্রথম দুই ঘণ্টা লাইফ জ্যাকেট পরে সে সাঁতার কাটছিল। হঠাৎ তার মাথায় আসে যে সেটি পরে বেশিক্ষণ সাঁতার কাটতে পারবে না। সেই অবস্থাতেই সাহসী ছেলে লাইফ জ্যাকেট ফেলে দিয়ে বাকি দুই ঘণ্টা সাঁতার কাটে।'
সংগঠনটি জানায়, উদ্ধারকারি হেলিকপ্টার থেকে প্রথমে শনাক্ত করা হয় ছেলেটির পরিবারকে। সৈকত থেকে ১৪ কিলোমিটার দূরে প্যাডেলবোট ধরে ভেসে ছিল তার মা ও দুই ভাইবোন। পরে নৌকা পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।

