এয়ার শোতে গ্রিসের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

গ্রিসে প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত হয় একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
গ্রিসের রাজধানী এথেন্সের বাইরে একটি বিমানঘাঁটিতে প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত হয় একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান। এতে নিহত হয়েছেন দুই পাইলট।
শনিবার বার্ষিক ‘এথেন্স ফ্লাইং উইক’ বিমান প্রদর্শনী চলার সময় ঘটে এ দুর্ঘটনা। এ তথ্য জানিয়েছে গ্রিসের সরকারি বার্তা সংস্থা এএনএ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটির দুই পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে বের হতে পারেননি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত সরকারি সম্প্রচারমাধ্যমের এক সাংবাদিক জানান, বিমানটি উড্ডয়নের পরপরই হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে বিস্ফোরণ ঘটে।
এ সময় বিমান প্রদর্শনী দেখতে হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বেশ কয়েকটি অগ্নিনির্বাপণ বিমান পাঠানো হয়। আগুন নেভাতে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারও সেখানে পাঠানো হয়।
দুর্ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য থেসালোনিকির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেনগ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস।






