ঘাঁটি না দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ইরানে ওয়াশিংটনের হামলা নিয়ে দুই মিত্র দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশ্বস্ত সহযোগিতা’ বজায় রাখা প্রয়োজন।
পর্তুগালের প্রধানমন্ত্রী মন্টেনেগ্রোর সঙ্গে কথা বলতে গিয়ে শুক্রবার সানচেজ উল্লেখ করেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত ‘সম্মান, বিশ্বস্ত সহযোগিতার মনোভাব এবং সমতার ভিত্তিতে’।
সানচেজ আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করে একে ‘একটি অস্বাভাবিক ভুল’ বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, এটি ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সানচেজের সরকারকে সমালোচনা করে স্পেনকে ‘ভয়াবহ’ মিত্র বলে আখ্যা দেন এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন।
এর জবাবে সানচেজ আবারও যুদ্ধের বিরোধিতা করেন এবং ইরানে হামলা চালাতে দক্ষিণ স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

