রিয়াদ বিমানবন্দরে জোড়া হামলা, নিহত ৩ সৌদি নাগরিক

সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় নিহত হয়েছেন তিন সৌদি নাগরিক। আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরের স্থাপনা ও সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি হয় বিমানবন্দরের স্থাপনায়। দ্বিতীয় হামলায় সৌদিয়ার একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর।
এ হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। তবে সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক বিবৃতিতে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
হামলার পর উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।




