ইসরায়েলে নির্বাচন
প্রার্থী বাছাইয়ে ভোটযুদ্ধ, বামপন্থী ডেমোক্র্যাটসে গোলানের বড় পরীক্ষা

ইয়ার গোলান- রয়টার্স
ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি সোমবার চেয়ারম্যান ইয়ার গোলানের নেতৃত্বে প্রথমবারের মতো অনলাইন প্রাইমারি ভোট শুরু করেছে। ২০২৬ সালের নেসেট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিবন্ধিত ১ লাখ ১২ হাজারের বেশি সদস্য ভোট দিচ্ছেন। দলটির নির্বাচনী প্রার্থী তালিকা নির্ধারণের পাশাপাশি সাবেক লেবার ও মেরেটজ অংশের মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিদ্যমান টানাপড়েনের কারণেও এই ভোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ওয়াইনেটের তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ১৪ হাজার সদস্য ভোট দেওয়ার যোগ্য। তবে দ্য জেরুজালেম পোস্টের উদ্ধৃত দলীয় সূত্র বলছে, ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৭৬। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে নিরাপদ ডিজিটাল ব্যালটে ভোট গ্রহণ চলছে। ফলাফল রাত ৮টার দিকে ঘোষণা করা হতে পারে।
মোট ৫১ জন প্রার্থী নেসেটে সম্ভাব্য ১০ থেকে ১২টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের জন্য লড়ছেন। প্রতিটি সদস্য ছয় থেকে আটজন প্রার্থীকে ভোট দিতে পারবেন।
বর্তমান আইনপ্রণেতা নামা লাজিমি, গিলাদ কারিভ ও এফরাত রাইতেন শীর্ষ তিন স্থানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমান নেসেটে তাদের কর্মকাণ্ডের প্রতি ব্যাপক সমর্থনের প্রতিফলন হিসেবেই এটি দেখা হচ্ছে।
অন্য শীর্ষস্থানগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারবিরোধী বিচার বিভাগীয় সংস্কারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মোশে রাডম্যান, ইয়ার ‘ইয়ায়া’ ফিঙ্ক এবং ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক কমান্ডার নিমরোদ শেফার এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন। লেবার পার্টিতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ফিঙ্ককে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাবেক মেরেটজ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীরাও শীর্ষস্থান দখলের লড়াইয়ে রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক আইনপ্রণেতা গাবি লাস্কি ও মিখাল রোজিন এবং ইয়ারিভ ওপেনহাইমার। ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের ওমরি রোনেনও সম্ভাব্য শীর্ষ ১০ প্রার্থীর একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাকে রিজার্ভ সামরিক দায়িত্ব থেকে অপসারণের দাবি জানালে তার প্রচারণা ব্যাপক আলোচনায় আসে।
এ ছাড়া সাবেক আইনপ্রণেতা এমিলি মোয়াত্তি শীর্ষ ১০-এ জায়গা পাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে সাবেক আইনপ্রণেতা রাম শেফা ও সমাজকর্মী আভি দাবুশ কিবুতজ বা মোশাভ খাতের জন্য সংরক্ষিত আসনের মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্ধারিত আসনেও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সৌমাইয়া বাশিরকে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
প্রাইমারির পটভূমিতে সাবেক লেবার পার্টি ও মেরেটজ-ঘনিষ্ঠ রাজনীতিকদের মধ্যে ক্রমবর্ধমান টানাপড়েন রয়েছে। ওয়াইনেটের তথ্য অনুযায়ী, গোলানের সমর্থনপুষ্ট কয়েকজন জ্যেষ্ঠ নেতা এমন প্রার্থীদের প্রভাব সীমিত করার চেষ্টা করেছেন, যাদের মেরেটজের সঙ্গে ঘনিষ্ঠ বা দলকে আরও বামঘেঁষা অবস্থানে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়।
রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে গোলান আগে থেকেই দলের চূড়ান্ত প্রার্থী তালিকায় নিজের জন্য দুটি সংরক্ষিত স্থান নিশ্চিত করেছেন। তিনি যদি মনে করেন, প্রাইমারির ফলে কোনো একটি অংশের আধিপত্য বেশি হয়ে গেছে, তাহলে ওই দুটি স্থানে বাইরের প্রার্থী মনোনয়ন দিয়ে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতে পারবেন। আর ফলাফলে সন্তুষ্ট হলে সংরক্ষিত আসন দুটি খালি রাখতেও পারেন।
২০২৪ সালে লেবার ও মেরেটজ পার্টির একীভূত হওয়ার পর গঠিত ডেমোক্র্যাটস পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় সোমবারের এই প্রাইমারিতে গোলান নিজে অংশ নিচ্ছেন না।
ভোটকে ‘ইসরায়েলি গণতন্ত্রের একটি উৎসব’ আখ্যা দিয়ে গোলান সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বললেন, ‘শুধু নেসেটে এবং পরবর্তী সরকারে একটি শক্তিশালী ডেমোক্র্যাটস দলই দেশকে রক্ষা করতে পারে এবং ইসরায়েলের জন্য সেই নিরাপত্তা, গণতন্ত্র ও আশা ফিরিয়ে আনতে পারে, যার এখন সবচেয়ে বেশি প্রয়োজন।’
ডেমোক্র্যাটস ইসরায়েলের হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দলের একটি, যারা দলীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংসদীয় প্রার্থী নির্বাচন করে। অধিকাংশ ইসরায়েলি রাজনৈতিক দল প্রার্থী তালিকা নির্ধারণ করে দলীয় নেতা বা অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে। তবে লিকুদ তাদের অধিকাংশ প্রার্থী প্রাইমারির মাধ্যমে বাছাই করে। পাশাপাশি সম্প্রতি অনুমোদিত দলীয় নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি কয়েকজন প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতাও রাখেন।




