সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি
আন্তর্জাতিক ডেস্ক

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী। ছবি: এপি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে শনিবারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছে।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী এক বিবৃতিতে জানিয়েছেন, গোষ্ঠীটি কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক অভিযান চালিয়েছে। যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরটি রবিবারও বন্ধ ছিল।
অন্যান্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সৌদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর একটি পেট্রল স্টেশন, পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরীয় কোনো দেশে শনিবারের এই ক্ষেপণাস্ত্র হামলাটিই সবচেয়ে প্রাণঘাতী।
আজ রবিবারও বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি হুতিরা।
এ বিষয়ে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে আজকের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং সুবিধাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। তবে সুনির্দিষ্টভাবে কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা তারা উল্লেখ করেনি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, বিমানবন্দরে একটি প্যাসেঞ্জার টার্মিনালে একটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এর ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে।




