কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র মক্কার আকাশে আজ দেখা গেল এক দৃষ্টিনন্দন মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো চাঁদ প্রায় সরাসরি পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করেছে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রকৌশলী মাজেদ আবু জাহরার তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। তখন কাবা শরিফের অবস্থান থেকে চাঁদের উচ্চতা ছিল প্রায় ৮৯.৮৭ ডিগ্রি।
অর্থাৎ, ওই মুহূর্তে চাঁদকে কাবা শরিফের প্রায় ঠিক মাথার ওপর দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি বিশেষ ঘটনা, যা চাঁদের অবস্থান মক্কার অক্ষাংশের কাছাকাছি চলে আসার কারণে ঘটে।
জানা গেছে, ২০২৬ সালে এর আগে ২৮ ফেব্রুয়ারি কাবা শরিফের ওপর চাঁদের এমন অবস্থান দেখা গিয়েছিল। আজকের ঘটনাটি ছিল এ বছরের দ্বিতীয়বার।
ঘটনার সময় চাঁদের প্রায় ৩১.৮ শতাংশ অংশ আলোকিত ছিল। দিনের আলো থাকায় চাঁদ কিছুটা ম্লান দেখালেও অনুকূল আবহাওয়ায় খালি চোখে এটি পর্যবেক্ষণ করা সম্ভব ছিল।
মক্কার আকাশে চাঁদের এমন বিরল অবস্থানকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ।
সূত্র: সৌদি গ্যাজেট



