একদিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবি
একইদিনে দুইটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিম অংশে একটি ও আরেকটি বিমান ভূপাতিত করা হয় হরমুজ প্রণালির কাছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গতকাল শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ জেটকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। একইদিন ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা উপসাগরে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন এ-১০ বিমানকে লক্ষ্যবস্তু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এ-১০ বিমানটির পাইলট নিরাপদে আছেন। তবে এফ-১৫ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং অন্যজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম।
যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় ‘চলমান আলোচনা’ ভেস্তে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘না, মোটেও না। না, এটা যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং প্যারাসুট সংযুক্ত একটি ইজেকশন সিটের ছবি প্রকাশ করা হয়েছে। নিখোঁজ পাইলটকে জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা মারতেও ছাড়েননি ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন, টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার পর, তাদের (যুক্তরাষ্ট্রের) শুরু করা এই চমৎকার কৌশলহীন এই যুদ্ধকে এখন ‘শাসক পরিবর্তনের’ যুদ্ধ থেকে ‘দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দিতে পারবেন?’—এই পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।

