আগামীর সময়

চাঁদে ১০ বছরের মধ্যেই শহর বানানোর পরিকল্পনা ইলন মাস্কের

চাঁদে ১০ বছরের মধ্যেই শহর বানানোর পরিকল্পনা ইলন মাস্কের

সংগৃহীত ছবি

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসের উপযোগী একটি শহর গড়ে তোলার পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে এর মালিক ইলন মাস্ক। তার ধারণা, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এমন একটি শহর নির্মাণ সম্ভব।

এর আগে মাস্কের প্রধান লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। তবে বর্তমানে তিনি মনে করছেন, মানবজাতির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে হলে মঙ্গলে যাওয়ার আগে চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ে তোলা জরুরি।

এই লক্ষ্য সামনে রেখে স্পেসএক্স ২০২৭ সালের শুরুর দিকে চাঁদে একটি রোবটচালিত যান পাঠানোর পরিকল্পনা করছে।

উল্লেখ্য, ১৯৭২ সালের পর আর কোনো মানুষ চাঁদে যায়নি। ফলে দীর্ঘ বিরতির পর সেখানে ফেরার উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্পেসএক্সকে অনেকেই শুধু সরকারি সংস্থার কাজের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান বলে মনে করলেও মাস্ক জানিয়েছেন, নাসা থেকে তাদের আয়ের অংশ খুবই সামান্য। কোম্পানিটির মূল আয়ের উৎস হচ্ছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এ সেবার প্রচারে এখন টেলিভিশনে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় পরিসরে কাজের অংশ হিসেবে মহাকাশে বিশাল কম্পিউটার সেন্টার স্থাপনের বিষয়েও ভাবছে মাস্কের কোম্পানিগুলো। পাশাপাশি তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এখন মানবাকৃতির রোবট তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। ‘অপ্টিমাস’ নামের এই রোবট উন্নয়নের জন্য টেসলা এমনকি কিছু গাড়ির মডেলের উৎপাদনও সাময়িকভাবে বন্ধ রেখেছে।

    শেয়ার করুন: