আগামীর সময়

সংঘাত থামাতে আলোচনায় বসতে ‘প্রস্তুত’ আফগানিস্তান

সংঘাত থামাতে আলোচনায় বসতে ‘প্রস্তুত’ আফগানিস্তান

আমির খান মুত্তাকি।

আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত বলে শুক্রবার জানিয়েছেন তালেবান শাসকরা। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর ওপর বোমা হামলা চালানোর ও সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার মধ্যেই এ মন্তব্য এসেছে।

পাকিস্তান রাজধানী কাবুল এবং তালেবান নেতৃত্বের ঘাঁটি কান্দাহার শহরে লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা দুই ইসলামী প্রতিবেশী দেশের সম্পর্কের গভীর ভাঙনকে স্পষ্ট করে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার আফগান হামলার জবাবে তালেবানের সামরিক কার্যালয় ও চৌকিতে আকাশ-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তালেবান জানিয়েছে, আফগান বাহিনী ড্রোন ব্যবহার করে পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। পাকিস্তান বলেছে, সব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পাকিস্তানে জঙ্গি হামলায় পৃষ্ঠপোষকতার অভিযোগ অস্বীকার করা এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলা তালেবান বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর ওপর ‘প্রতিশোধমূলক হামলা’ চালানোর দাবি করেছে, তবে তারা আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ফোনে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খালিফিকে বলেছেন, ‘আফগানিস্তান কখনো সহিংসতার সমর্থক ছিল না এবং সব সময় পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েছে।’

‘তবে এই পন্থা তখনই কার্যকর হবে, যদি অপর পক্ষ সমাধান খুঁজে পেতে বাস্তব ও আন্তরিক আগ্রহ প্রদর্শন করে’, বলেছেন তিনি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বছর দুই দেশের মধ্যে সংঘর্ষ থামাতে সহায়তা করা কাতার অন্যান্য দেশের সঙ্গে মিলে সর্বশেষ সংকট সমাধানে কাজ করছে।

    শেয়ার করুন: