কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ২

ছবি: রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ছয়জন। শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে ক্লিৎসকো লিখেছেন, নিহতদের একজন হাসপাতালের পার্কিং এলাকায় ছিলেন। আহত ছয়জনের মধ্যে তিনজন চিকিৎসাকর্মী। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
হামলার সময় রাজধানীর তিনটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানান মেয়র ক্লিৎসকো। তার দাবি, একটি আবাসিক ভবনেরও একাংশ ধ্বংস হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় ১৬তলা একটি আবাসিক ভবনের পাশাপাশি কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, মস্কোর ওপর পর্যাপ্ত চাপ না থাকায় এ ধরনের হামলা বারবার ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার পর কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় বেশ কয়েকটি ভিডিও বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের ছড়িয়ে পড়েছে।
ক্লিৎসকো জানান, বুধবার দিনের বেশির ভাগ সময়ও রুশ বাহিনী কিয়েভে হামলা চালিয়েছে। এতে দুইজন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।



