উন্নত শিক্ষার দাবিতে রাজ্যে রাজ্যে সরব স্কুল পড়ুয়ারা
জেন জি-র পর এবার বিক্ষোভে ভারতের ‘জেন আলফা’

বিহারের গয়ায় বিক্ষোভে পড়ুয়ারা
সম্প্রতি নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে জেন জি-র আন্দোলন গোটা ভারতজুড়ে আলোড়ন তুলেছিল। দীর্ঘ বিক্ষোভ, যন্তর মন্তরে অবস্থান, পুলিশের লাঠিচার্জ এবং সবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই আবহেইে এবার ক্ষেপেছে ভারতের সবচেয়ে কমবয়সী প্রজন্ম জেন -আলফাও। দেশের বিভিন্ন প্রান্তে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের পথে নামছে সরকারি স্কুলের এসব পড়ুয়ারাও । শিক্ষক সংকট থেকে করে ভাঙাচোরা পরিকাঠামো, বিশুদ্ধ পানীয় জল, অচল শৌচাগার, পর্যাপ্ত বেঞ্চ ও টয়লেট থাকা, নিম্নমানের মিড-ডে মিল - এই সব মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে ‘জেন আলফা প্রজন্ম। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেন-আলফা।
গত তিন-চারদিনে মহারাষ্ট্রের ভিদ, রাজস্থানের জালোর ও বারমের, বিহারের গয়া, উত্তরপ্রদেশের ফতেহপুর, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে স্কুলপড়ুয়াদের বিক্ষোভের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারি স্কুলের ইউনিফর্ম পরা ছাত্র- ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে উন্নত শিক্ষার পরিবেশ ও ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে সরব হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে প্রায় একই ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি এবার জাতীয় স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
৩০ জুলাই বিহারের গয়া জেলার টিকারি এলাকার সিমুয়ারা মিডল স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ বিশেষভাবে নজর কেড়েছে। স্কুলে বেঞ্চ, পাখা, বিশুদ্ধ পানীয় জল এবং অন্যান্য পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে ছাত্র-ছাত্রীরা প্রায় চার কিলোমিটার হেঁটে টিকারি মহকুমা কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ দেখায়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পরিদর্শন করা হয় এবং সমাধানের আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে মধ্যপ্রদেশের কয়েকটি সরকারি স্কুলের পড়ুয়ারাও মিড -ডে মিলের নিম্নমান নিয়ে সরব হয়। রাজস্থানের জালোর ও বারমেরেতেও শিক্ষক সংকট এবং মৌলিক পরিকাঠামোর দাবি তুলে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়। মহারাষ্ট্রের ভিদেও একই দাবিতে স্কুলপড়ুয়ারা স্কুল ছেড়ে পথে নামে। আবার উত্তরপ্রদেশের ফতেহপুরে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন পড়ুয়া ও তাদের পরিবারের উপর পুলিশি চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে।
এরও আগে গত ২৮ জুলাই উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার বিজয়পুর ব্লকের কিষণপুর এলাকার সর্বোদয় ইন্টার কলেজে শতাধিক পড়ুয়া চার ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়। পরে পড়ুয়াদের অনড় অবস্থানের জেরে জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত স্কুলে পৌঁছন। জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআইওএস) রাকেশ কুমার লিখিতভাবে একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে। শ্রেণিকক্ষে নতুন পাখা বসানো, বৈদ্যুতিক লাইন মেরামত, বেঞ্চ সরবরাহ ও মিড-ডে মিলের মান উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
শিক্ষা বিশেষজ্ঞ তথা সমাজসেবী রাকেশ দত্ত আগামীর সময়কে বলেন, 'এগুলো সরকারি শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থা, শিক্ষক সংকট ও পরিকাঠামোগত ঘাটতির বহিঃপ্রকাশ।' জেন জি-র আন্দোলনের পর এবার জেন আলফার প্রতিবাদও সেই একই বার্তা দিচ্ছে - শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকেই রাস্তায় নামতে হবে। জেন জি আন্দোলনে শিক্ষা নিয়ে দেশজুড়ে যে আলোচনা শুরু হয়েছিল এবার সরকারি স্কুলের পড়ুয়াদের আন্দোলন সেই বিতর্ককে আরও বিস্তৃত করল। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবির পাশাপাশি এখন শিক্ষার মৌলিক পরিকাঠামোও জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর সেই প্রশ্ন তুলছে দেশের সবচেয়ে কমবয়সি কন্ঠস্বর - জেন আলফা।





