ভারতে হকির জার্সির রঙ নীল থেকে গেরুয়া; কেন্দ্রকে তোপ প্রিয়াঙ্কার

সংগৃহীত ছবি
ভারতের জাতীয় হকি দলের জার্সির রঙ বদল ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। দীর্ঘদিনের পরিচিত নীল জার্সির বদলে এবার বিজেপি সরকারের প্রিয় ‘গেরুয়া’ রঙের জার্সি পরে মাঠে নামবে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। আর আসন্ন হকি বিশ্বকাপে এই নতুন জার্সিই পরা হবে। আর এই সিদ্ধান্তের পরই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
বৃহস্পতিবার প্রিয়াঙ্কা অভিযোগ করেন, দেশের প্রতীক, রঙ ও ইতিহাস বদলানোর চেষ্টা করলেও ভারতের মৌলিক চেতনা বদলানো যাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সরকার চাইলে জাতীয় হকি দলের জার্সির রঙ পরিবর্তন করতে পারে, শিক্ষা-ব্যবস্থাতেও হস্তক্ষেপ করতে পারে কিংবা ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে। কিন্তু তাতে দেশের মানুষের চিন্তাভাবনা ও মূল্যবোধ পাল্টাবে না।
তিনি আরও বলেছেন যে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ইস্যুতে তরুণ সমাজ যেভাবে সরব হয়েছে তাতেই ভারতের প্রকৃত মনোভাব প্রতিফলিত হচ্ছে। যন্তর মন্তরে আন্দোলনরত তরুণ-তরুণীদের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা আরও জানান যে, তাদের দাবি-দাওয়াই দেশের মানুষের উদ্বেগ ও প্রত্যাশার প্রতিচ্ছবি।
নতুন শিক্ষা নীতি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। তার অভিযোগ ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা চলছে। অথচ ইতিহাস পড়ানো উচিত তথ্য, প্রমাণ এবং বাস্তব ঘটনার ভিত্তিতে। পাশাপাশি গণতন্ত্রে ভিন্ন মতকে সম্মান জানানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এদিন আরএসএস-এর সমালোচনাও করেন প্রিয়াঙ্কা। তার বক্তব্য, ভারতের স্বাধীনতা সংগ্রাম সত্য, অহিংসা ও সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর দাঁড়িয়ে ছিল, সেই ইতিহাস দেশের মানুষ জানেন। তাই ইতিহাসের নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হলেও ঐতিহাসিক সত্য কখনো বদলে যাবে না। ভারতের প্রকৃত পরিচয় বৈচিত্র্য, সম্প্রীতি, সত্য এবং অহিংসার ঐতিহ্যের মধ্যেই নিহিত বলেও তিনি জানান।
অন্যদিকে হকি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, এতদিনের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে এবার গেরুয়া জার্সি পরেই বিশ্বকাপে খেলবে ভারতীয় পুরুষ ও মহিলা দল। যার ফলে এই পরিবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিতর্ক দেখা দিলে হকি কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলির সুবিধা ও জার্সির রঙে স্পষ্ট পার্থক্য বজায় রাখতেই এই পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য যে, আগামী ১৫ থেকে ৩০ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা হকি বিশ্বকাপেই প্রথমবার এই নতুন গেরুয়া জার্সি ব্যবহার করবে ভারতীয় দল।







