ইরানে হামলার সময়সূচি নিয়ে ভাবছেন ট্রাম্প

সংগৃহীত ছবি
আবারও ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের গতকালের প্রতিবেদন অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে বড় ধরনের সামরিক অভিযান ফের শুরুর প্রস্তুতি সম্পন্ন করার জন্য পেন্টাগন কয়েক দিন আগেই নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে এ তথ্য। তবে ওই নির্দেশনায় হামলা শুরুর কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সূত্রের মতে, যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই এবং সম্ভবত তার এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলি নির্বাচনের আগেই চালানো হতে পারে এই হামলা।
সূত্রমতে, বড় ধরনের সামরিক অভিযান ফের শুরু হলে তাতে ইরানের জ্বালানি, অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোয় ব্যাপক বোমাবর্ষণ অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
গত বুধবার ‘দি আটলান্টিক’ জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে। আক্সিওসকে একজন পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্টের কাছে সামরিক বিকল্পগুলো প্রস্তুত ও উপস্থাপন করা এ বিভাগের কাজ।



